বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক, ডাক অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ হারুনুর রশীদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মহিবুর রহমান এবং টেলিটক ও বিটিসিএল এর কর্মকর্তারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, প্রযুক্তি দুনিয়ায় বাংলার প্রাথমিক বিজয় অর্জন হয়েছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের হাত ধরে। স্বাধীনতার পর প্রথম লড়াইটা ছিলো অফিস আদালতে বাংলা ভাষা প্রচলন করা। অতীতে কোনদিন যে ভাষা অফিস বা আদালতের ভাষা হতে পারেনি সেই ভাষাকে বঙ্গবন্ধু সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করেন। তিনি ১৯৭২ সালে বাংলা টাইপরাইটারের প্রচলন করেন।
সেই ধারাবাহিকতায় আজ আমরা ডিজিটাল মাধ্যমের যে কোনো প্লাটফর্মে বাংলা লেখার সক্ষমতা অর্জন করেছি বলে মন্তব্য করেন তিনি।
পুষ্পমাল্য অর্পন শেষে ঢাকার জিপিও অডিটরিয়ামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্তকরন ও আলোচনাসভায় অংশ নেন মন্ত্রী।
অনুষ্ঠানে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করণ ও একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়েছে।